গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ গ্রাম হেরোইনসহ মো. গোলাম আজম প্রধান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার গোলাম আজম প্রধান পলাশবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের মো. লেবু প্রধানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল সাদুল্লাপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. আতোয়ার আলীর বাড়ির দক্ষিণ পাশের কাঁচা সড়কে গোলাম আজম প্রধানকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে সাদা রঙের পলিথিনে বিশেষ কায়দায় রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার গোলাম আজম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে গ্রেফতার গোলাম আজম ও জব্দ করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’