দিনাজপুরের চিরিরবন্দরে প্রান্তিক কৃষকের জন্য চালু হয়েছে ব্যতিক্রমী এক সেবা— তৃণমূল কৃষক সেবা কেন্দ্র। যেখান থেকে নানা সেবা ও পরামর্শ পাচ্ছেন তারা। কৃষিবিষয়ক বই পড়ার সুযোগও রয়েছে সেখানে। কৃষকদের জন্য এমন সম্মানজনক পরিবেশ ও সুযোগ খুবই বিরল।
প্রান্তিক কৃষকের সামাজিক মর্যাদা এবং কৃষি প্রযুক্তি, তথ্য এবং পরিষেবা সরাসরি পৌঁছে দেয়ার উদ্যোগ— তৃণমূল কৃষক সেবা কেন্দ্র। সম্মানজনক অবস্থানে থেকে মাটি ও ফসল পরীক্ষার মাধ্যমে এখান থেকে সেবা পান কৃষকরা। ফলে কম সার ও কীটনাশক ব্যবহার করেই তারা পাচ্ছেন অধিক ফলন।
দিনাজপুরের চিরিরবন্দরের তৃণমূল কৃষক সেবা কেন্দ্রের স্বত্বাধিকারী আসেফ রহমান রিফাত বলেন কেবল কৃষকরাই নন, এ কেন্দ্র থেকে পরামর্শ নিয়ে গৃহবধূরা পতিত জমিতে চাষাবাদ করছেন বিষমুক্ত শাকসবজি। স্বনির্ভর হচ্ছেন তারা।
দিনাজপুরের চিরিরবন্দরের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন কৃষি কর্মকর্তাদের আশা, এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে, দেশের কৃষি অর্থনীতিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন।
