আশুলিয়া শিল্পাঞ্চলকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে আকস্মিক এই অভিযান পরিচালনা করে তিন পেশাদার মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে সর্বমোট ৮০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার একাধিক টিম একযোগে বিভিন্ন এলাকায় অভিযানে নামে।
ভাদাইল তালতলা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন আঃ সাত্তার মুন্সী। তিনি স্থানীয় আবুল কাশেমের ছেলে।
বিশমাইল কুটুরিয়া অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ধরা পড়েন আব্দুল হালিম (পিতা: লেহাজ উদ্দিন)।
বাংলাবাজার পয়েন্ট থেকে ১০ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর জালে জড়ান যশোর শার্শার বাসিন্দা মাহিনুর হাসান মুকুল (পিতা: গোলাম সরোয়ার)।
গ্রেফতারকৃতরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন মহল্লায় বাসা ভাড়া নিয়ে ছদ্মবেশে এই অবৈধ মাদকের নেটওয়ার্ক চালিয়ে আসছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন:
"শিল্পাঞ্চল আশুলিয়াকে মাদকমুক্ত করা এবং যেকোনো ধরণের সন্ত্রাসবাদ ও অপরাধ নির্মূলে এবং মানুষের নিরাপত্তা ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পুলিশের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।"
মোঃফাহিম চৌধুরী
আশুলিয়া প্রতিনিধি
