পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১লা জুলাই ২০২৬ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, "একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি মানুষের জীবন রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস বলেন, "বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫ দিনব্যাপী এ বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
"বৃক্ষ রোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। আসুন, সবাই বেশি বেশি গাছ লাগাই, গাছের পরিচর্যা করি এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখি।
বুলবুল আহম্মেদ জিয়া
ঢাকা বিভাগীয় সংবাদদাতা
