কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে নওগাঁয় অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২১ জন অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সেলাই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
পরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
