শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল জানিয়েছেন, “গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। শেষ পর্যন্ত ফলাফল নিয়েই মাঠ ছাড়ব।”
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের আচরণ নিরপেক্ষ ছিল না। তার ভাষ্য, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে কেন্দ্রের প্রিজাইডিং ও পোলিং অফিসারদের অনেকেই প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করছেন।
তিনি আরও দাবি করেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ফলাফলের শিটে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া নামুজা এলাকায় তার এক সমর্থককে মারধরের অভিযোগ ওঠে এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি জানান। কয়েকটি কেন্দ্রে তার সমর্থকদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।
সোহেল বলেন, নূরানী মোড় এলাকায় তার এক কর্মীকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। বর্তমানে ওই ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন ঘিরে ২০টিরও বেশি লিখিত অভিযোগ দায়ের করা হলেও রিটার্নিং কর্মকর্তা সেগুলোর কোনো কার্যকর ব্যবস্থা নেননি। তার দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছেন।