সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছে তাঁর নাম। শুটিং সেটে সহশিল্পীকে মারধর, শাড়ি-কাণ্ড নিয়ে একাধিক ফ্যাশন হাউসের প্রতারণার অভিযোগে সংবাদের শিরোনাম হয়েছেন। এ নিয়ে আদালতেও যেতে হয়েছে তাঁকে। এবার শাড়ি নিয়ে মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হয়েছে নতুন মামলা। অন্যদিকে, অনিশ্চয়তার মুখে পড়েছে তাঁর অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা সোলজার।
ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীকে হুমকি দেওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গত সোমবার মামলা করা হয়েছে। আগের মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করলে অধিকতর তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। এরপর তিশার বিরুদ্ধে মামলাটি করেন সানায়া চৌধুরী। তাঁর দাবি, তিশা বাদী সানায়া চৌধুরীকে মামলা উঠিয়ে নিতে হত্যার হুমকি দিয়েছেন। এ মামলায় আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তিশা ও সানায়ার একটি অডিও রেকর্ড। সেখানে শাড়ি নিয়ে কথা বলতে শোনা যায় তিশা ও সানায়াকে। একপর্যায়ে তিশাকে বলতে শোনা যায়, ‘আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’ অডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা