মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রায় উদযাপিত হলো বাংলা নববর্ষ
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলি আহমদ, জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে মাগুরা শিল্পকলা একাডেমিসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা নববর্ষ উপলক্ষে নোমানী ময়দানে দুই দিনব্যাপী বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে, যেখানে ১৫টি স্টল অংশ নিয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে নববর্ষ উদযাপন করছে।