ইকবাল হোসেন রিংকু||মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আরেক ছেলে, যার অবস্থা আশঙ্কাজনক।বুধবার ১৫ এপ্রিল দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে নিহত ব্যক্তি আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাদের বাড়ি একই ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র রূপ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করেন। এতে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়।বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে বড় ছেলে শহিদুর মিয়াকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইকবাল হোসেন রিংকু|