সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
বিজিবি সূত্র জানায়, তলুইগাছা বিওপির একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। একই দিনে কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়া উপজেলার মাজেদারখাল এলাকা থেকে প্রায় ৭ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
অন্যদিকে, মাদরা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ ও আগরবাতি জব্দ করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে ৭২ হাজার ২০০ টাকা মূল্যের পাতার বিড়ি ও ব্যাগ আটক করে।
সব মিলিয়ে অভিযানে মোট ৯ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব আয়ের ক্ষতি করার পাশাপাশি স্থানীয় শিল্পের জন্যও হুমকি সৃষ্টি করছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি