ভোলার সদর উপজেলার ৭ নম্বর শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরিফ সরদার বাড়িতে গভীর রাতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাসী আল আমিনের স্ত্রী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তাদের ১০ বছর বয়সী শিশুপুত্রও দুর্বৃত্তদের হামলার শিকার হয়। শিশুটি মায়ের উপর হামলার ঘটনা প্রত্যক্ষ করে এবং তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মুখে ঘটনার বর্ণনা শুনে এলাকাবাসী হতবাক হয়ে পড়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মোঃ আজাদ,ভোলা জেলা প্রতিনিধি