গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দাওয়াত না পাওয়ার অভিযোগে অনুষ্ঠান পণ্ড করা এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মান্নান মাস্টার, যিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য এবং প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। এছাড়া মো. আওয়াল, যিনি গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তার নামও অভিযোগে উঠে এসেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মান্নান মাস্টারকে ফোনে দাওয়াত জানানো হলেও লিখিত আমন্ত্রণ না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। নির্ধারিত সময় অনুষ্ঠান শুরু হলে তিনি দলবল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন বলেন,
“বিদায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ মো. আওয়াল ও তার লোকজন এসে গালিগালাজ শুরু করেন। পরে আরও ১০-১৫ জন যোগ দিয়ে আমার কক্ষে তালা দেওয়ার চেষ্টা করেন। নিজেদের বিএনপি নেতা দাবি করে হুমকিও দেন।”
তিনি আরও জানান, সভাপতি ও অভিযুক্তদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক ফকির বলেন,
“মো. আওয়াল, তার ভাই এবং মান্নান মাস্টারের লোকজন এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।”
তবে অভিযোগ অস্বীকার করে মান্নান মাস্টার বলেন,
“বিদায় অনুষ্ঠান পণ্ড করা হয়নি। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ হয়েছে। ভাঙচুরের অভিযোগ মিথ্যা। আমি শুধু গত বছরের হিসাব চেয়েছিলাম।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,“ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এ ঘটনায় কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
