প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে, যা বাস্তবায়িত হলে পানির সংকট অনেকটাই কমে আসবে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, খালগুলো পুনরুদ্ধার করা গেলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করা যাবে এবং বন্যার ক্ষয়ক্ষতিও কমানো সম্ভব হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় পানি পাবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।
তারেক রহমান বলেন, চৌকিরদহ খালটি অতীতে ১৯৭৯ সালে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে খালটি ভরাট হয়ে যায়। বর্তমানে এটি পুনঃখননের মাধ্যমে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক করা সম্ভব হবে।
স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খালের দুই তীরে বৃক্ষরোপণ, মাছ চাষ এবং পার্শ্ববর্তী জমিতে সবজি আবাদ চালু করলে অর্থনৈতিকভাবে এলাকাবাসী উপকৃত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, দেশের অনেক খাল-নদী ভরাট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে একদিকে পানির অভাব দেখা দিচ্ছে, অন্যদিকে বর্ষায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য খাল খনন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এর আগে, দুপুরে নিজ জন্মভূমি বাগবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধন করেন। তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সূচনা করেন এবং শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
পরে বিকেল ৩টা ৪০ মিনিটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি পৈতৃক বাড়িতে যান। সেখান থেকে বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির সমাবেশে যোগ দেন।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি
