গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মোসা. তিসা আক্তার (২৩)। তিনি উজিলাব গ্রামের বাসিন্দা মনজুর হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিসা আক্তার নিজ বাড়ির টিনশেড ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
