মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে বুনাগাতি অটো স্ট্যান্ডকে কেন্দ্র করে শ্রীহট্ট ও আড়পাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে আড়পাড়া গ্রামের কিছু লোকজন বাজারে শ্রীহট্ট গ্রামের ব্যবসায়ীদের দোকানপাট জোরপূর্বক বন্ধ করে দেয়। এতে পুরো বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
শালিখা থানা তদন্ত ওসি মোঃ মোতালেব হোসেন জানান,খবর পেয়ে শালিখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বুনাগাতি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে অবস্থান নেয়।
এদিকে, কিছু সময় পর শ্রীহট্ট গ্রামের প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক দেশীয় অস্ত্রসহ আড়পাড়া বাজারের দিকে অগ্রসর হতে থাকে। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে পুলিশের টিয়ারশেলে দুই জন আহত হয়ে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে জানিয়েছে শ্রীহট্ট গ্রামের ইউপি সদস্য শাহাদ আলী।
জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি
