কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম সাকিব। তিনি চকরিয়া উপজেলার দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে চকরিয়া থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মোরশেদ আলম,চকরিয়া
