গাজীপুরের শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৬ জন নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল ‘বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর বিদায় অনুষ্ঠানে অভিযুক্তরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান এবং শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।
প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, মো. সারোয়ার আউয়াল (সাবেক সাধারণ সম্পাদক), আ. মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক), মো. হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক), মো. আরমান আলী (সদস্য), মো. মাহবুব আলম (সদস্য) ও মো. রফিকুল ইসলাম (সদস্য)।
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল (আজাদ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের আলোকে ২নং গাজীপুর ইউনিয়নের সকল পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল (আজাদ) বলেন, “অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
