কল্যান রায় জয়ন্ত :
যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
দিনের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম পরিচালিত হয়। সকালে পুলিশ লাইন্সের মূল ফটকে উপস্থিত হয়ে পুলিশ সুপার সরেজমিনে শারীরিক মাপ গ্রহণ প্রক্রিয়া পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি পর্যায়ক্রমে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন পুলিশ সুপার। আগামী দিনের পরীক্ষার প্রস্তুতি ও করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়ে তিনি বলেন, “নিয়োগ হবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তাই কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।