মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চার বছর পর পুনরায় শুরু হলো এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬। বর্ণিল এই আয়োজন ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় মাগুরা জেলা পরিষদ ও স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধক
হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম সেবা), জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা চেম্বার
অব কমার্সের সভাপতি মো. আখতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “বিগত পৈশাচিক সরকার দেশের সংস্কৃতিকে নানা ভাবে বাধাগ্রস্ত করেছে। বর্তমান সরকার সংস্কৃতি চর্চার প্রসার ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
মেলায় বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করেছে, যা স্থানীয় অর্থনীতি ও উদ্যোক্তাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
