জ্বালানি তেলের সংকটে যখন সাধারণ মানুষ দিশেহারা, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি ঠিক তখনই ভিন্ন পথ বেছে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের এক ক্ষুদ্র ব্যবসায়ী। মোটরসাইকেল ছেড়ে তিনি এখন নিয়মিত চলাচল করছেন বাইসাইকেলে।
গাজীপুর সদর উপজেলার মিজাপুর ইউনিয়নের তালতলী গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসা ও পারিবারিক কাজে মোটরসাইকেল ব্যবহার করে আসছিলেন। তবে সাম্প্রতিক তেল সংকটে পড়ে তাকে চরম ভোগান্তিতে পড়তে হয়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে শেষ পর্যন্ত নেন বিকল্প সিদ্ধান্ত।
জহিরুল ইসলাম বলেন, “প্রতিদিন তেলের জন্য ৮-১০ ঘণ্টা সময় নষ্ট করা সম্ভব না। সারারাত অপেক্ষার পর ভোরে শুনতে হয়েছে—তেল নেই। তখনই সিদ্ধান্ত নিই, নিজের ওপর নির্ভরশীল হতে হবে।”
এরপর তিনি মাওনা চৌরাস্তার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের একটি দোকান থেকে আকিজ কোম্পানির ২৬ ইঞ্চি একটি বাইসাইকেল কিনে নেন। বাজারমূল্যের তুলনায় কিছুটা কম দামে কেনা এই সাইকেল এখন তার নিত্যসঙ্গী।
বর্তমানে সাইকেলেই ব্যবসায়িক কাজ ও পারিবারিক যাতায়াত চালিয়ে যাচ্ছেন তিনি। এতে সময় কিছুটা বেশি লাগলেও খরচ নেই বললেই চলে, পাশাপাশি বাড়ছে শারীরিক সুস্থতাও।
তিনি আরও বলেন, “মোটরসাইকেলে এখনো কিছু তেল আছে, কিন্তু ব্যবহার করছি না। সাইকেল চালাতে স্বস্তি পাচ্ছি। মানুষও উৎসাহ দিচ্ছে এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়।”
এ বিষয়ে শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “জ্বালানি সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এতে যেমন ব্যক্তিগত খরচ কমে, তেমনি পরিবেশের জন্যও উপকারী।”জ্বালানি সংকটের এই বাস্তবতায় জহিরুল ইসলামের এমন সিদ্ধান্ত অন্যদের মাঝেও সচেতনতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
