সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং সিভিল সার্জন ডা. শামীম কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগরসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছে। সারাদেশে অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষ এই সেবার আওতায় আসছে।
তারা আরও বলেন, “বিরোধ হলেই মামলা নয়; লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প উপায়ে অনেক সমস্যার সমাধান সম্ভব।”
এ উপলক্ষে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আইনগত সহায়তা ও পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে ৭টি স্টল বসানো হয়, যেখানে সেবা প্রত্যাশীদের বিনামূল্যে পরামর্শ প্রদান করা হয়।
মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
