নওগাঁয় এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোসাঃ শারমিন আক্তার। বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে তিনি তার স্বামী শহীদ প্রামাণিকের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন।
লিখিত বক্তব্যে শারমিন আক্তার জানান, প্রায় ১৭ বছর আগে তাদের দাম্পত্য জীবন শুরু হয়। বর্তমানে তাদের তিন সন্তান (দুই ছেলে ও এক মেয়ে) রয়েছে। বিবাহের শুরুতে স্বামী আর্থিকভাবে অসচ্ছল থাকায় তিনি ও তার পরিবার বিভিন্নভাবে সহযোগিতা করেন। পরবর্তীতে শহীদ প্রামাণিক নওগাঁয় ‘ন্যাশনাল মডেল স্কুল’ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রিন্সিপাল ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের মালিকানা তার নামে করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার ও তার পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার গ্রহণ করেন শহীদ প্রামাণিক। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রতিষ্ঠানটি নিজের নামে নিবন্ধন করেন।
শারমিন আক্তার আরও অভিযোগ করেন, তার স্বামী বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের কিছু অভিভাবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
তিনি জানান, তার স্বামী গোপনে এক অভিভাবককে বিয়ে করেছেন, যা তিনি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিন সহ্য করেছেন। তবে গত ২৫ মার্চ ২০২৬ তারিখে আত্রাইয়ের একটি কাজী অফিসের মাধ্যমে কোনো কারণ ছাড়াই তাকে তালাকনামা পাঠানো হয়। দীর্ঘ ১৭ বছরের সংসার ভেঙে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে উল্লেখ করেন।
শারমিন আক্তার অভিযোগ করেন, তাকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ প্রমাণের চেষ্টা করা হচ্ছে এবং সামাজিকভাবে হেয় করা হচ্ছে। তিনি বলেন, “আমি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমার ও আমার সন্তানদের ভবিষ্যৎ আজ গভীর সংকটে।”
তিনি নওগাঁর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে।
এ বিষয়ে তিনি শিগগিরই আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি
-1777542573.jpg)