কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া বালাটারি গ্রামের শারীরিক প্রতিবন্ধী ও শয্যাশায়ী মোঃ মোক্তার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘জেগে উঠো ফাউন্ডেশন’।সংগঠনটির পক্ষ থেকে তাকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
গত ৩ মে সংগঠনের প্রধান পরিচালক মোঃ আনিছুর রহমান লিটনের নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, নিঃসন্তান মোক্তার হোসেন চিলমারি উপজেলা থেকে নিঃস্ব অবস্থায় এসে বাছড়া বালাটারিতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তার স্ত্রীই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি অন্যের বাড়িতে কাজ করে যা আয় করেন, তা দিয়েই কোনোভাবে সংসার চালান। অনেক সময় কাজ না পেলে অনাহারেও থাকতে হয় তাদের।
তার এই মানবেতর জীবনযাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ‘জেগে উঠো ফাউন্ডেশন’-এর নজরে আসে। পরে সংগঠনের প্রধান পরিচালক দ্রুত খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে উপস্থিত হন।
সহায়তা পেয়ে মোক্তার হোসেনের স্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, “এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।” তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের কাছে আরও সহযোগিতা কামনা করেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আনিছুর রহমান লিটন বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। মোক্তার হোসেনের মতো মানুষের জন্য সবাইকে এগিয়ে আসা উচিত।”
এলাকাবাসী জানান, “দীর্ঘদিন ধরে অসুস্থ মোক্তার হোসেন মানবেতর জীবনযাপন করছেন। জেগে উঠো ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই তার চিকিৎসা ও পুনর্বাসনে আরও সহায়তা আসুক।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম পরিচালক মোঃ রবিউল ইসলাম রাজু, মোঃ শোয়েব আহমেদ, সভাপতি আহসান হাবীব কুইক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান জিম, শিক্ষক মোঃ আব্দুল হাকিমসহ সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
হাফিজুর রহমান
রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
