মাগুরা জেলা যুবদলের সভাপতি মোঃ ওয়াশিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জেলা যুবদলের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, সম্প্রতি কিছু “ভুঁইফোড় ও অখ্যাত” গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তিনি হামলা, নির্যাতন, গুম ও কারাভোগের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা, খুলনা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে মোট ৭৬টি মামলা দায়ের করা হয়েছে। একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তাকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
যুবদল সভাপতি আরও অভিযোগ করেন, দলের ভেতরে থাকা একটি কুচক্রী মহল এবং ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি তার রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো গর্হিত অপরাধে জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমি কখনোই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। যুবদলের নাম ব্যবহার করে কোনো ধরনের আর্থিক সুবিধাও গ্রহণ করিনি। বরং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে আমি ও আমার পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।”
এ সময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং সাংবাদিকদের প্রতি গুজবে কান না দিয়ে সত্য তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
