ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার দালালপুর ও হাসাননগর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটা দুটিকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জয়নাল আবেদীন এবং জনাব মোঃ নূরুল আলম। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের হিসাবরক্ষক জনাব মোঃ মতিউর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
"ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)"-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক নিম্নোক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়:
১. মেসার্স এস এন এস ব্রিকস: উপজেলার দালালপুর এলাকায় অবস্থিত এই ইটভাটার মালিক মোঃ জসিমউদ্দিনকে (৪৯) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের পাম্প মেশিনের সাহায্যে ভাটার বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।
২. মেসার্স আলম ব্রিকস: হাসাননগর এলাকায় অবস্থিত এই ভাটার মালিকের পক্ষে প্রতিনিধি মোঃ ইউসুফকে (৫০) ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানটি সফল করতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
মোঃ আজাদ, জেলা প্রতিনিধি ভোলা
