পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানজনক সাফল্য অর্জন করেছে মাগুরা জেলা পুলিশ। দেশের বিভিন্ন জেলা ও ইউনিটের মধ্যকার মূল্যায়নে গ্রুপ “গ” ক্যাটাগরিতে মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করে।
এ অর্জন মাগুরা জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স এ আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভিন্ন ইউনিটের প্রধান, পদস্থ সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে এ সাফল্য ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
