রোববার (১০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে করিমগঞ্জ পৌর এলাকার পূর্ব নয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় জুয়েলের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ ঘরের ভেতরে প্রবেশ করার সাহস পাননি। ফলে একটি কক্ষ থেকেও কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। আগুনে ঘরের প্রায় সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় ভাড়াটিয়াদের ব্যবহৃত দুটি ফ্রিজ ও কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।
জানা গেছে, বাড়ির মালিক সবগুলো কক্ষ ভাড়া দিয়ে বর্তমানে ঢাকায় ব্যবসায়িক কাজে অবস্থান করছেন। এ ঘটনায় ভাড়াটিয়ারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে শুরুতে খুব বেশি এগোতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ ১৩/০৫/২০২৬ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উম্মে মুসলিমা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার করে ৫ টি পরিবারকে চেক প্রদান করেন।
করিমগঞ্জ প্রতিনিধি রোমান।
