প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাসে উপজেলা এ্যাডভোকেসি দলের এক গুরুত্বপূর্ণ সভা মুন্সিগঞ্জ সিএনআরএস অফিসে ( ১৩ ই মে) বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির “শক্তি” প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার নীলিমা রানী। এছাড়াও মুন্সিগঞ্জ, ইশ্বরীপুর ও শ্যামনগর পৌরসভার স্ব-সহায়ক দলের সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।
প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দীক অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন। তিনি বলেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরাসরি সহায়তা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে স্ব-সহায়ক দলের সদস্যদের সংযুক্ত করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, উপজেলা এ্যাডভোকেসি দলের সদস্যরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে এ্যাডভোকেসির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকতর সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রধান অতিথি নীলিমা রানী তার বক্তব্যে জানান, তার প্রকল্পের আওতায় কর্মএলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তিনি এ বিষয়ে সকলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনে যোগাযোগের জন্য তার অফিসিয়াল মোবাইল নম্বর উপস্থিত সবার সঙ্গে শেয়ার করেন।
সভায় স্ব-সহায়ক দলের সদস্যরা তাদের মতামত প্রদানকালে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপনে নানা সীমাবদ্ধতার সম্মুখীন হন, তাই তাদের জন্য আরও বেশি সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ সাহেব আলী শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
