নওগাঁর মান্দায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। খেলাধুলায় কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) মান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা পরিষদের সিএ আল এমরান মাসুদ রানা, আব্দুল কাদের, নূর বক্স মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মান্দার খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপজেলার সুনাম বয়ে আনবে।”
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
