যশোরের চৌগাছায় প্রাইভেটকারে করে ফেন্সিডিল বহনের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ২১১ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল (উইনসিরেক্স) উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-৩, যশোরের আভিযানিক দল বৃহস্পতিবার ভোরে উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজ গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার কাগমারী গ্রামের শ্রী চিরঞ্জিৎ (২৮) ও মোহাম্মদপুর গ্রামের বাবলুর রহমান (৪৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ১০ মিনিটের দিকে মহেষপুর থেকে যশোরমুখী একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের ডালার ভেতরে সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। উদ্ধার করা ফেন্সিডিলের বাজারমূল্যও উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংস্থাটি।
আটকের সময় ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ তালিকা সাক্ষীদের উপস্থিতিতে প্রস্তুত করা হয়।
র্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
কল্যান রায় জয়ন্ত
