বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে মাত্র ৩ শতক জমি নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লক্ষীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৫) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। তারা পরস্পরের চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ইয়াছিন আলীর সঙ্গে তার চাচা রেজাউলের বিরোধ চলছিল। সোমবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চাচার ছেলে রাহাত মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াছিন আলীকে ঘটনাস্থলেই হত্যা করে। সংঘর্ষে গুরুতর আহত সুমন মোল্লাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রিদয় নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রাহাত মণ্ডলকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান শাহীন জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শাকিল রানা
বগুড়া জেলা প্রতিনিধি :
