শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ নাসির ও এক স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকালেঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসকদের আইনগত সুরক্ষা প্রদান এবং চিকিৎসকদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি জানানো হয়।
“UHFPO Forum” এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, ডা. মুহতারেমা সানি, ডা. আহসান হাবীবসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। তাই দ্রুত দোষীদের আইনের আওতায় এনে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
