সিরাজগঞ্জ শহরের একটি মার্কেটের নিজ দোকান থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামে এক ব্যবসায়ীকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বুধবার (২০ মে) সকালে শহরের পৌর সুপার মার্কেটের “মেসার্স শীতল ফ্যাশন” নামের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। আহত ব্যবসায়ী আজিম শহরের হোসেনপুর মহল্লার মো. রবিউল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আজিম তার দোকান খুলে ভেতরে প্রবেশ করেন। সে সময় মার্কেটের অধিকাংশ দোকান এখনও বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানের বন্ধ সাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখেন। বিষয়টি দেখে তাদের সন্দেহ হলে তারা দ্রুত সাটার খুলে দোকানের ভেতরে প্রবেশ করেন। পরে দোকানের মেঝেতে আজিমকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।
ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ী আজিমকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন এটি হত্যাচেষ্টা, আবার কেউ বলছেন ঋণের চাপে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
