সারা বাংলাদেশের বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে অনুষ্ঠিত আজান ও কেরাত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজবাড়ীর কৃতি সন্তান ও রাজবাড়ী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট জুবায়ের। তিনি আজান প্রতিযোগিতায় প্রথম স্থান এবং কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্ব করে তার এই অসাধারণ সাফল্য আজান ও কেরাতে সম্মিলিতভাবে সুন্দরবন রেজিমেন্টকে রানার্সআপ হওয়ার গৌরব এনে দিয়েছে। এ অর্জনে রাজবাড়ী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনসহ পুরো সুন্দরবন রেজিমেন্টে আনন্দের আবহ বিরাজ করছে।
প্রতিযোগিতা শেষে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ (বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি) ক্যাডেট জুবায়েরের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা তার অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।
ক্যাডেট জুবায়েরের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন রাজবাড়ী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের কমান্ডার পিইউও মোহাম্মদ আমির হোসেন।
সকল এক্স ক্যাডেটদের পক্ষ থেকেও ক্যাডেট জুবায়েরকে অভিনন্দন জানিয়েছেন সদ্য প্রাক্তন প্লাটুন সার্জেন্ট মোঃ সালমান প্রামানিক। তিনি বলেন, জুবায়েরের এই অর্জন রাজবাড়ী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য অত্যন্ত গৌরবের এবং ভবিষ্যৎ ক্যাডেটদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সংশ্লিষ্টরা জানান, এটি শুধু জুবায়েরের ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো রাজবাড়ী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এবং সুন্দরবন রেজিমেন্টের জন্য গর্ব ও সম্মানের বিষয়। তার এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য ক্যাডেটদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন তারা।
রাজবাড়ীর এই কৃতি সন্তান ক্যাডেট জুবায়েরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন শিক্ষক, সহপাঠী ও বিএনসিসি সদস্যরা।
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
