কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর ও উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ মাইদুল ইসলাম মানিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে, ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছে রাজারহাট থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজারহাট থানা পুলিশ ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মাইদুল ইসলাম মানিক রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের তালুক সুবল গ্রামের মৃত কাদের সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ০৫ মিনিটে ‘MYDUL SARKER’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.), হযরত আয়েশা (রা.) এবং বুখারী শরীফের হাদিস নিয়ে বিকৃত ও আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আগেই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। রাজারহাট থানা পুলিশ ও ডিএসবি সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় পোস্ট প্রকাশে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
