জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে গাজীপুরে নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার দিকে তিনি গাজীপুরের সালনা এলাকা অতিক্রম করে শ্রীপুরে প্রবেশ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
ত্রিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিএনপির জনসভাসহ একাধিক কর্মসূচি রয়েছে। দুপুরে ধারার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর তিনি নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিকেলে বিএনপির জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর অনুসারীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এছাড়া উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় বনবিভাগের জমি অবমুক্তকরণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে জৈনা বাজার পর্যন্ত অন্তত পাঁচটি স্পটে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আবদুল মান্নান সজল এমসি বাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে এক নজর দেখার জন্য তাকে বহনকারী বাস ঘিরে ফেলেন।
উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আরিফুল ইসলাম সরকারের নেতৃত্বে সকাল থেকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য হাজারো জনতা অপেক্ষা করতে থাকে।
পরে নয়নপুর ও জৈনা এলাকাতেও বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পুরো মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল হান্নান সজল বলেন, “প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ মহাসড়কের পাশে অবস্থান নেন। লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।”
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: