জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গাজীপুরের সালনা এলাকা অতিক্রম করে শ্রীপুরে প্রবেশ
করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ভিড় করেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা।
এদিকে একই সময়ে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বন বিভাগের গেজেট অবমুক্তের দাবিতে ব্যানার হাতে অবস্থান নেন স্থানীয় শতাধিক মানুষ। নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।
ব্যানার হাতে থাকা লোকজন হাত নাড়িয়ে বন বিভাগের গেজেট অবমুক্তের দাবি জানান। পরে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা তাদের সড়ক থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সভাপতি রওশন হাসান, নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিশকাত রাসেল, আর্কিটেক্ট শারজিল হোসেন, সাদ্দাম হোসেনসহ স্থানীয় এলাকাবাসী।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি :
