নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় এক ভাঙারি ব্যবসায়ী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খেজমত আলী পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন। আহত হয়েছেন রফিকুল ইসলাম নামে আরও একজন ব্যবসায়ী। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার দুপুরে ভাঙারি মালামাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন খেজমত আলী ও রফিকুল ইসলাম। এ সময় আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খেজমত আলীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন রফিকুল ইসলাম।
পরে স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ট্রাকটি জব্দ করে। পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোর জেলা প্রতিনিধি মো সোহান সরকার |
