সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গরুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গরুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। অভিযানে হাটের ইজারাদার হাফিজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত রেট অনুযায়ী হাসিল আদায় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য হাটে অভিযান চালানো হয়। এ সময় হাসিলের রশিদে টাকার পরিমাণ উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে। প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করা হলেও পরবর্তীতে একই অনিয়ম পুনরায় দেখা যায়।
এছাড়াও নির্ধারিত হারের চেয়ে প্রতি গরুতে প্রায় ৮০০ টাকা বেশি করে হাসিল আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “হাটে অতিরিক্ত খাজনা আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকার নির্ধারিত হার অনুযায়ী হাসিল আদায় নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
এ ঘটনায় হাটে আসা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
