যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজ হিসেবে পরিচিত অনিক হাসান ওরফে অনি (২৮) এবং তার সহযোগী তানভির আহম্মেদ (২৫)-কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।
রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) সুজন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা যায়, বাবলাতলার একটি মাছের হ্যাচারির টংঘরের সামনে ভেড়িবাঁধ এলাকায় সন্দেহজনক অবস্থায় অনি ও তানভিরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অনি তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করে। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এছাড়া সহযোগী তানভির আহম্মেদের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একটি ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অনিক হাসান ওরফে অনি যশোরের শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিচারাধীন রয়েছে। অপরদিকে তানভির আহম্মেদের বিরুদ্ধেও একটি চুরির মামলা রয়েছে।
গ্রেফতার অনি শংকরপুর নাজিরপাড়ার আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে এবং তানভির আহম্মেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।