আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী জোড়া গেট গরুর হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে র্যাব-৬। কোরবানির পশুর হাটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোবাইল টহল, ড্রোন মনিটরিং ও জাল টাকা শনাক্তকরণ টিম কাজ করবে বলে জানিয়েছে বাহিনীটি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর জোড়া গেট সংলগ্ন গরুর বাজারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
তিনি বলেন, জোড়া গেট গরুর হাট খুলনা মহানগরীর অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট। প্রতি বছরের মতো এবারও হাটকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে র্যাব। পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মোবাইল টহলের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। একই সঙ্গে জাল টাকা প্রতিরোধে বিশেষ টিম মাঠে কাজ করবে।
র্যাব-৬-এর অধিনায়ক আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও শপিংমল এলাকায় অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদে কোরবানির পশু কেনাবেচা করতে পারে এবং স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে র্যাবের সর্বাত্মক তৎপরতা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব।
কল্যান রায় জয়ন্ত