শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক কন্টাক্টরের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বেতন ও পাওনা না দিয়ে তিনি দেশে পালিয়ে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগীদের একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মোক্তার হোসেন। তিনি সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার নিজের প্রায় ২ লাখ টাকাসহ দেড় শতাধিক প্রবাসীর অর্থ নিয়ে কন্টাক্টর উধাও হয়েছেন।
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত কন্টাক্টর মাহাবুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় প্রবাসীরা চরম অর্থকষ্টে পড়েছেন বলে জানান ভুক্তভোগীরা। তারা দ্রুত টাকা উদ্ধার ও অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
