পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাগুরাজুড়ে উৎসবমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। জেলার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত। একইসঙ্গে জেলার চার উপজেলাসহ প্রায় ৪৫০টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে অংশগ্রহণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান।
ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে ঈদ উপলক্ষে জেলার সর্বত্র ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ও মসজিদগুলো মুখর হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি