পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগে উপকূলীয় এলাকার ২ হাজার ২০৫টি হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটেছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১১টায় মুন্সিগঞ্জ ইউনিয়নে একটি এনজিও শাখা অফিস প্রাঙ্গণে ইসলামী রিলিফের অর্থায়নে এবং নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে কুরবানির মাংস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কুরবানির মাংস তুলে দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপি নেতা প্রভাষক আবু সাঈদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
মাংস নিতে আসা কয়েকজন উপকারভোগী বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে কুরবানির মাংস পাওয়া আমাদের জন্য অনেক বড় সহায়তা। এতে পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা সহজ হবে।”
বিতরণ কার্যক্রমকে সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও উপকারভোগীদের স্বস্তির হাসি।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. শফিকুল ইসলাম।
সাহেব রেজা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :