গাজীপুরের শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আজিজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই ঘটনায় আহত হয়েছেন তার মা মোছা. কমলা খাতুন।
সোমবার (১ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে রাতেই শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাইটালবাড়ী গ্রামে প্রতিবেশীদের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে প্রতিপক্ষ বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে কথা বলার সময় আজিজুল ইসলাম বাড়ির পেছনের রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।
তার চিৎকার শুনে মা মোছা. কমলা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। লোহার রডের আঘাতে তার ডান হাত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া এক নারীকে শ্লীলতাহানি এবং তার গলায় থাকা প্রায় চার আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে তিনি মারা যান।
নিহতের ভাই তাজুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
তবে এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
