পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর সাপাহার-পোরশা-সারাইগাছি-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক পরিবহনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত কঠোর নজরদারি ও নিরাপত্তা টহল পরিচালনা করা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল জনাব অরূপের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, যানবাহনে তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
পুলিশের এ উদ্যোগের ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় চলাচলকারী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ প্রশাসনের লক্ষ্য হলো, এ আঞ্চলিক মহাসড়কে অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপরাধ দমনে সর্বসাধারণকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধের তথ্য দ্রুত নিকটস্থ থানা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ)