গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর থেকে আড়াবাড়ি হয়ে সদরচালা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হলো।
সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সড়ক এলাকার মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি হুমায়ুন কবির খান। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম, মৌচাক ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।
বক্তারা বলেন, নিশ্চিন্তপুর, আড়াবাড়ি ও সদরচালা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কের উন্নয়ন। সড়কটি চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে সড়ক উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
মো: শাহ আলম গাজীপুর।
