গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাঁঠাল বাণিজ্যে অনিয়ম ও রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু পাইকারি ব্যবসায়ী কৃষকের কাছ থেকে কাঁচা কাঁঠাল বা গাছ কিনে দ্রুত পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছেন। এতে ফলের স্বাভাবিক গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত মুনাফার লোভে একটি অসাধু চক্র এ ধরনের কার্যক্রম চালাচ্ছে, যা গাজীপুরের ঐতিহ্যবাহী কাঁঠালের সুনাম ক্ষুণ্ন করছে।
অভিযোগের বিষয়ে বরমী ইউনিয়নের ব্যবসায়ী রফিক দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের সঙ্গে তিনি জড়িত নন।
এদিকে স্থানীয় সচেতন মহল বাজারে কঠোর মনিটরিং, নিয়মিত অভিযান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন,
“আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা নমুনা পাওয়া যায়নি। ভবিষ্যতে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে প্রশাসনের অন্যান্য বিভাগকেও সম্পৃক্ত করা হবে।
তিনি আরও বলেন, কাঁঠালের মৌসুমে নিয়মিত বাজার তদারকি সীমিত থাকলেও নিরাপদ উৎপাদন, গ্যাপ (GAP) অনুসরণ এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে ফলকে নিরাপদ ও রপ্তানিযোগ্য করতে মাঠপর্যায়ে কাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে কাঁঠাল পাকানোর প্রক্রিয়ায় কিছু অসাধু চক্রের সক্রিয়তা রয়েছে বলে তারা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছেন। তবে কার্যকর তদারকি ও অভিযান না থাকায় এ ধরনের অনিয়ম রোধ করা যাচ্ছে না বলে অভিযোগ |
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
