নড়াইল প্রতিনিধি :
যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং এলাকার ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে তরুণ ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভের পক্ষ থেকে বিভিন্ন দলের মাঝে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।
৫ জুন দলজিৎপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সৌরভ বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। তাই তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় খেলোয়াড়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্রীড়া সামগ্রী পাওয়ায় তাদের অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজন আরও সহজ হবে। তারা ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, যুবসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বক্তারা খেলাধুলার প্রসার ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
