গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার একটি ময়লার ভাগাড় থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা যুবককে হত্যা করে রাতের কোনো এক সময় সেখানে মরদেহ ফেলে রেখে গেছে।
শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে এমসি বাজারের উত্তর পাশে আদিব ডাইয়িং কারখানার সামনে মহাসড়কসংলগ্ন ময়লার ভাগাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশেই রক্তের দাগ দেখা গেছে। এসব আলামত দেখে তাদের ধারণা, যুবককে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
সাদ সান কারখানার শ্রমিক রতন বলেন, “সকালে আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। পাশের কক্ষের লোকজন মরদেহ দেখার খবর দিলে আমিও ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি মরদেহ পড়ে আছে এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে।”
আরও কয়েকজন শ্রমিক জানান, ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে সেখানে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না। মরদেহ পড়ে থাকার খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে তদন্ত করতে দেখেছেন।
স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মরদেহটি ময়লার ভাগাড়ে ফেলে রেখে যায়। সকালে কারখানাগামী শ্রমিক ও পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
